করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসক ডা. জলিলের মৃত্যু, বিএমএ’র শোক
উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । আপডেট ১০ জুন ২০২০ @ ১৩:৫৭
রাজধানীর ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জলিলুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মঙ্গলবার (০৯ জুন) বিকাল সাড়ে ৪টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. জলিল ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৩১ মে থেকে তিনি সেখানেই ভর্তি ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অবস্থার অবনতি হলে তিন দিন আগে তাকে আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার সেখানে তিনি মারা যান।
ডা. জলিলুর রহমান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

