করোনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১২:২০
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৪ দিন আগে ডা. মাহমুদ মনোয়ারের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে গিয়েই তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন উল্লেখ করে ডা. প্রদীপ বলেন, ডা. মাহমুদের স্ত্রীও এ হাসপাতালের চিকিৎসক। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে শুক্রবার রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ নিয়ে দেশে অন্তত ২৬ জন ডাক্তারের মৃত্যু হলো করোনায়। আর দেশে এ পর্যন্ত অন্তত ১ হাজার ১০৯ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

