চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু, ঢামেক আইসিইউ প্রধান করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১৪:০০
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. মোজাফ্ফর হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার (১৪ জুন) দুপুরে ঢামেক হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. নাসির উদ্দিন এ তথ্য জানান।
ব্রিগেডিয়ার জেনারেল নাসির বলেন, অধ্যাপক মোজাফ্ফর হোসেনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বর্তমান তার শারীরিক অবস্থা মোটামোটি ভালো।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন, ইমপালস হাসপাতালের আইসিইউ প্রধান ডা. প্রফেসর জলিলুর রহমান, বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ হোসাইন মারা গেছেন। এছাড়াও আইসিইউ বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত হোসেন মারা গেছেন, যিনি ল্যাব এইড হাসপাতালের আইসিইউ বিভাগের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীর সর্বশেষ ভরসা দেশের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। এ বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকরাও প্রাণপণ চেষ্টা চালান একজন রোগীকে সারিয়ে তুলতে। সাধারণত এখানকার রোগীদের অবস্থা বেশি খারাপ হওয়ায় দায়িত্বে থাকা চিকিৎসকদের চ্যালেঞ্জটাও বেশি। উপরন্তু রোগী যদি হয় কোভিড-১৯ আক্রান্ত তাহলে তো কথাই নেই। এই পরিস্থিতিতে আইসিইউর দায়িত্বশীলদের করোনায় আক্রান্ত হয়ে এভাবে চলে যাওয়াটা ভাবিয়ে তুলছে দেশের স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
এদিকে, রবিবার (১৪ জুন) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ডা: সাদেকুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। তিনি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এর ১৭তম ব্যাচের ছাত্র। করোনাভাইরাস সংক্রামণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।
সাবেক সেনা কর্মকর্তা ও একজন চিকিৎসক জানিয়েছেন, দেশে এ পর্যন্ত অন্তত ৩৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই বেশ পরিচিত চিকিৎসক ছিলেন। এছাড়া আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা হাজারের অধিক।
করোনায় মারা গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ

