চীনের ‘করোনাভ্যাক’ নামের ভ্যাকসিন ট্রায়ালে ৯০% সাফল্য
উত্তরদক্ষিণ। সোমবার ১৫ জুন ২০২০। ১১:১৪
চীনা কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিনে ৯০% সাফল্য পেয়েছে বলে দাবি করা হয়েছে। সিনোভ্যাক বায়োটেক লিমিটেড জানিয়েছে, ‘করোনাভ্যাক’ নামে তাদের করোনা-ভাইরাস ভ্যাকসিন নিরাপদ এবং পরীক্ষায় ৯০ শতাংশ ইতিবাচক ফল পাওয়া গেছে। খবর রয়টার্সের।
প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় ফল হাতে পেয়ে সিনোভ্যাক এই দাবি করল। কোম্পানিটির ভাষ্য মতে, ট্রায়ালে কোভিড-১৯ প্রতিরোধের প্রতিক্রিয়া অর্জন করতে তাদের তৈরি করা ভ্যাকসিন সক্ষমতা পাওওয়া গেছে। সিনোভ্যাক আশা করছে, করোনা-ভাইরাস রোগের সংক্রমণের বিরুদ্ধে সম্ভাব্য ভ্যাকসিনটি কার্যকর হবে।
গতকাল রোববার (১৪ জুন) সিনোভ্যাক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই ফলাফল জানায়। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সিনোভ্যাকের দাবি, তাদের তৈরি ভ্যাকসিনটি প্রয়োগে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরীক্ষায় অংশ নেওয়া ৯০ শতাংশ মানুষের শরীরের ১৪ দিনের মাথায় অ্যান্টিবডি (নিউট্রিলাইজিং অ্যান্টিবডি) তৈরি হয়েছে।
চীনে চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৭৪৩ জন সুস্থ মানুষকে দুই ধাপে ভ্যাকসিন ও প্লাসেবো (ভিন্ন ওষুধ) দেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই তাদের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ১৪ দিনের ব্যবধানে দুই ট্রায়াল সম্পন্ন হয়। প্রাথমিকভাবে দুটিতেই ইতিবাচক ফল পাওয়া গেছে।
শিগগিরই একাডেমিক জর্নালে এ পরীক্ষার ফল প্রকাশ করবে বলে জানিয়েছে সিনোভ্যাক।

