নিম্ন আদালতের ১৩ বিচারকসহ ৩৯ জন করোনায় আক্রান্ত

নিম্ন আদালতের ১৩ বিচারকসহ ৩৯ জন করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৪:১০

দেশের অধস্তন (নিম্ন) আদালতের ১৩ জন বিচারক এবং ২৬ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপসর্গ নিয়ে ৪ বিচারক আইসোলেশনে আছেন বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ১৩ বিচারক এবং ২৬ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আর উপসর্গ নিয়ে আইসোলেশন আছেন আরও ৪ বিচারক। সর্বপ্রথম নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির করোনায় আক্রান্ত হন এবং একইদিনে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান আক্রান্ত হন। বর্তমানে তারা দুজন সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছে।

এখন ঢাকার সিএমএইচ’র আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। তাকে প্লাজমা দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বেগম শামীম আহমেদ। আক্রান্ত সব বিচারকের সঙ্গে প্রধান বিচারপতি কথা বলেছেন এবং তিনি সার্বক্ষণিক তাদের খবর রাখছেন বলে সুপ্রিমকোর্টের মুখপাত্র জানান। সুপ্রিমকোর্ট থেকে ২৬ কর্মচারীর চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের অনুরোধ করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এর আগে গত ১৪ জুন করোনায় আক্রান্ত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছিলেন হাইকোর্ট প্রশাসন। সে নির্দেশনার ধারাবাহিকতায় সারাদেশ থেকে এ তথ্য হাইকোর্টে পাঠানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading