ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা: ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা: ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৭:২০

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীর বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনের বিরুদ্ধে (চার্জশিট) অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক তরিকুল ইসলাম গত রবিবার (১৪ জুন) মুখ্য মহানগর হাকিম আদালতের উত্তরা পশ্চিম থানার জিআর শাখায় অভিযোগপত্র জমা দেন। তবে বিষয়টি প্রকাশ পেয়েছে মঙ্গলবার (১৬ জুন)।

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন বলেন, চার্জশিটে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- শেখ নাজমুল (৩০), শেখ রনি (২৫), ফয়সাল কবির সাদবির (২৬), ফরাজ (১৫), মনির হোসেন (২০), আল আমিন মল্লিক (২৬) ও নুর মোহাম্মদ মোল্লা (২১)। আর যাদের অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হলেন – হাসান ও হাফিজুর ইসলাম।

আসামি ফরাজ কিশোর হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। নিয়মিত আদালত বন্ধ থাকায় অভিযোগপত্রটি কোনো বিচারকের কাছে উপস্থাপনের সুযোগ পাওয়া যায়নি। আদালত খোলার পর একটি তারিখ নির্ধারণ করে অভিযোগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মো. জাফর হোসেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা উত্তরার ৭ নম্বর সেক্টরে সারওয়ার আলীর বাড়িতে ঢোকে। তারা বাড়ির তৃতীয় তলায় গিয়ে তার মেয়ে সায়মা আলী ও তার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে বাড়ির চতুর্থ তলায় গিয়ে সারওয়ার আলী ও তার স্ত্রীকেও হত্যার চেষ্টা করে। চিকিৎসক সারওয়ার আলী ছায়ানটের নির্বাহী সভাপতি। তার স্ত্রী মাখদুমা নার্গিস কমিউনিটি ক্লিনিকের প্রকল্পের সাবেক পরিচালক। সূত্র: বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading