করোনায় সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৮:৩৬
সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আতিকুর রহমান নামের ৪৭ বছর বয়সী ওই ব্যাংকার ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের (লোকাল অফিস) সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। কোভিড-১৯ এ বাবা মারা যাওয়ার এক মাস পর রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিকুর রহমানের মৃত্যু হয় বলে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান জানান।
মঙ্গলবার (১৬ জুন) তিনি বলে, আতিকুর রহমান সর্বশেষ গত ২৮ মে অফিস করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এক সপ্তাহ আগে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তিনি মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন আতিকুর রহমান। কোয়ান্টাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সোমবার রাতে দক্ষিণ কমলাপুর কবরস্থানে তার দাফন হয়েছে বলে জানান জাকির হোসেন। তিনি বলেন, মাস খানেক আগে আতিকুর রহমানের বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার লাশ দাফন করতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে গিয়েছিলেন আতিক।
ঢাকায় ফেরার পর প্রাথমিক টেস্টে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সংক্রমণ ধরা পড়ে। এর আগে গত ১৭ মে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহাবুব এলাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সারাদেশে সোনালী ব্যাংকের ১৪০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান জাকির।

