৩ মাস পর চালু হলো ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট

৩ মাস পর চালু হলো ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১১:২৬

করোনাভাইরাস মহামারীতে তিন মাস ব্ন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) প্রথম প্রহরে রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকায় আসে। এরপর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান এ তথ্য জানান।

তৌহিদ বলেন, কাতার এয়ারওয়েজ আপাতত এভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটে ফ্লাইট চালাবে।

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল রয়েছে- এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।

কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকে। এখন আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হবে এয়ারলাইন্সগুলোকে।

বেবিচক বলেছে, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সব এয়ারলাইন্স ও যাত্রীদের শারীরিক দূরত্ব ও পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে হবে। এয়ারক্রাফটের ধারণক্ষমতার ৭৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের বসার ক্ষেত্রে দূরত্ব নিশ্চিত করতে হবে। যাত্রীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিতে হবে। আসা যাওয়ার আগে এয়ারক্রাফট ‘স্যানিটাইজ’ করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading