করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার ১৭ জুন ২০২০ । ১৩:৩৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান। আর সোয়া ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদ।
তারা দুজনই কোভিড-১৯ সংক্রমিত ছিলেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আশরাফুজ্জামানের বয়স হয়েছিল ৬১ বছর। আর বিএমএ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদের বয়স হয়েছিল ৬৭ বছর। এতে আরও বলা হয়, এই দুই চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন এক হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

