বিদেশীদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিদেশীদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

উত্তরদক্ষিণ। বুধবার ১৭ জুন ২০২০। আপডেট ১২:০৬

বিদেশীদের জন্য অন-অ্যারাইভাল (আগমনী) ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন। দেশের বন্দরগুলোতে (এয়ার/সী/ল্যান্ড) ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই ভিসা ইস্যু করে থাকে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন-অ্যারাইভাল (আগমনী) ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। মূলত: করোনা (কোভিড-১৯) ভাইরাস জনিত মহামারীর কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মঙ্গলবার (১৬ জুন) ইস্যু করা এক নির্দেশনায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

এক্ষেত্রে ব্যতিক্রম থাকছে। শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে অন-অ্যারাইভাল (আগমনী) ভিসা দেওয়া যাবে।

সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় যাত্রীকে (ভিসা আবেদনকারী)কে আরটি-পিসিআর পরীক্ষায় ‘কোভিড-১৯ নেগেটিভ’ সনদ দেখাতে হবে। আর ওই পরীক্ষা হতে হবে বাংলাদেশে পৌঁছানোর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে। ৭২ ঘন্টা বা তিন দিনের বেশী পুরানো টেস্ট রিপোর্ট গ্রহণ্যোগ্য হবে না।

বিনিয়োগকারী/ব্যবসায়ীকে প্রয়োজনীয় এবং আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে হবে ইমিগ্রেশন কাউন্টারে। ক্ষেত্র বিশেষে কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র করা হতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করা হয়। এরপর কয়েক দফা বাড়িয়ে ওই স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। এখন সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading