দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার
উত্তরদক্ষিণ । শনিবার ১৮ জুন ২০২০ । আপডেট : শুক্রবার ১৯ জুন ২০২০ @ ০৪:১৮
দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ১৮ জুন এক স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন তিনি।
ডা. আজাদ জানান, ‘সব জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা সম্প্রসারণের কাজ চলছে। জেলা পর্যায়ের সব সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে। হাসপাতালগুলোতে হাই ফ্লো নেজাল ক্যানেলা, অক্সিজেন কনসানটেটরসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। সব রোগের যেন ভালোভাবে চিকিৎসা সেবা দেয়া যায়, সে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষার দিকে অধিকতর জোরালো নজর দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্প্রতি ২ হাজার চিকিৎসক, ৫ হাজার নার্স নিয়োগ দিয়েছেন। মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন দীর্ঘস্থায়ী সক্ষমতার কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে।
তিনি বলেন, ‘সহজে যেন করোনা পরীক্ষা করা যায়, এমন পদ্ধতি চালু করা হবে। উপজেলা হাসপাতাল পর্যন্ত এ ধরনের ব্যবস্থা চালুর প্রচেষ্টা নেয়া হবে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে করোনা শনাক্তে আরটি পিসিআর পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্প্রসারিত হবে।’
তিনি বলেন, করোনা পরীক্ষার কাজ সরকারি-বেসরকারি পর্যায়ে সম্প্রসারিত হবে। সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায় পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্প্রসারিত হবে। সহজে করা যায় এমন আরও নতুন নতুন কোভিড পরীক্ষা পদ্ধতি চালু করা হবে। উপেজেলা হাসপাতাল পর্যন্ত এ ধরনের পরীক্ষা চালুর প্রচেষ্টা নেয়া হবে।
তিনি বলেন, ‘আপনারা অনেকে হয়তো জানেন, আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনারাও আমার জন্য দোয়া করেছেন। তাই আমি সুস্থ হয়ে বেশ কয়েক দিন হলো অফিসে যোগদান করে কাজ করছি।’
ডা. আজাদ বলেন, আপনার সুরক্ষা আপনার হাতেই। যতদিন করোনা থাকবে, ততদিন প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

