মাটি ও মানুষের দল হিসেবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আওয়ামী লীগ : সেতুমন্ত্রী

মাটি ও মানুষের দল হিসেবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে আওয়ামী লীগ : সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৬:১০

ইতিহাসের নানান চড়াই-উৎরাই পেরিয়ে, সংকটের পাহাড় মাড়িয়ে, জীবন ঘনিষ্ট কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে মাটি ও মানুষের দল হিসেবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২-এ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ গণমানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘর। শেখ হাসিনার নেতৃত্বে বার বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া তারই অনন্য নজির।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম সমসাময়িক বিশ্ব রাজনীতিতে তাঁকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। তাঁর ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, বরং পরবর্তী প্রজন্ম। এজন্য তিনি গ্রহণ করেছেন শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা।

প্রধানমন্ত্রীকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নে বিভোর এক কাণ্ডারি এবং বার বার মৃত্যুর পথ থেকে ফিরে আসা এক মৃত্যুঞ্জয়ী বীর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আছেন বলেই মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বঙ্গবন্ধুর সবুজ বাংলা, বঙ্গবন্ধু কন্যার সুনীল বাংলা, এই সবুজে সুনীলেই আমাদের সোনার বাংলা।

এসময় ‘বৈশ্বিক মহামারী করোনায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে ছন্দপতন ঘটলেও প্রধানমন্ত্রীর মানবিক এবং দক্ষ নেতৃত্বে শ্রষ্ঠার অপার রহমতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে’  বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনও সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। গত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করছে। সূত্র – বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading