বাজেট উন্নয়ন ও জনমুখী: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৯:৩০
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রস্তাবিত বাজেটকে জনমুখী ও উন্নয়নমুখী উল্লেখ করে বলেছেন, ২০০৯ সাল থেকে দেয়া সবকটি বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘোষিত দিন বদলের সনদ তথা রূপকল্প অনুযায়ি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটও একই ধারাবাহিকতায় সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি মঙ্গলবার (২৩ জুন) সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকারের গত ১২টি বাজেট বাস্তবায়নে শেখ হাসিনার উন্নয়ন দর্শন বাস্তবায়ন করা হয়েছে। এবারের বাজেটেও তার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের বছর থেকেই উচ্চ প্রবৃদ্ধি অর্জন ও সবক্ষত্রে উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশ খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। করোনার এ সময়েও দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। উৎপাদনও ঠিক রয়েছে। জাতিসংঘ ঘোষিত এমডিজি’র লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করা সম্ভব হয়েছে। এখন সরকার এসডিজি বাস্তবায়ন করছে।
ড. রাজ্জাক বৈশ্বিক মহামারি করোনার সংক্রমনে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির কথা উল্লেখ করে বলেন, এক সময়ে নিশ্চয়্ই বিশ্ব এর প্রভাবমুক্ত হবে। আর বাজেট ব্যবস্থাপনায় সরকারের দক্ষতায় প্রতিকুলতা সফলভাবে মোকাবেলা করে প্রস্তাবিত ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না।
কোভিড- ১৯ মোকাবেলার বিষয়ে বিএনপির হারুনুর রশীদের বক্তব্যের জবাবে সংস তথ্যমন্ত্রী বলেন, সম্পদ ও সামর্থের সীমাবদ্ধতা সত্বেও শেখ হাসিনার নেতৃত্বের সরকার করোনা মোকাবেলায় সবকিছু করছে। যার ফলে মৃত্যু হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান উন্নত দেশসমূহ থেকে অনেক নিচে রয়েছে। এমনকি প্রতিবেশি ভারত, পাকিস্তানের তুলনায় মৃত্যু হার কম রয়েছে। এ প্রেক্ষিতে তিনি জানান, করোনায় চীনে মৃত্যু হার ৫.৫ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৫.১৩ শতাংশ, যুক্তরাজ্যে ১৩.৯৭ শতাংশ, বেলজিয়ামে ১৫ শতাংশ, জার্মানিতে ৪.৬৬ শতাংশ, ভারতে ৩.১৮ শতাংশ, পাকিস্তানে ২.০০ শতাংশ। আর বাংলাদেশে এ হার ১.২৯ শতাংশ।
বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সরকারি দলের মির্জা আজম, শফিউল ইসলাম মহিউদ্দিন, আমিরুল ইসলাম মিলন, উম্মে কুলসুম স্মৃতি, জাসদের হাসানুল হক ইনু, বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাঁ, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা অংশগ্রহণ করেন।

