কোভিড-১৯: দেশে নতুন রোগী শনাক্ত ৩৪৬২, মৃত্যু ৩৭ জন
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩৪৬২ জন। এ সময় মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৮২ জনের মৃত্যু হলো। আর দেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে ৩মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪৯ হাজার ৬৬৬ জন।
দৈনিক স্বাস্থ্য বুলেটিনে বুধবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় আটই মার্চ। তবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর সবকিছু চালু করা হলেও এলাকাভিত্তিক লকডাউন চালুর পরিকল্পনা করছে সরকার।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৯২ লাখ ৬৪ হাজার ৫৬৯ জন। এই ভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৬০১ জন।

