করোনায় ফকিরহাট হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৪:২০
করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সাবেক চিকিৎসা কর্মকর্তার (মেডিকেল অফিসার) মৃত্যু হয়েছে। তার বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার সমাদ্দার।
তিনি জানান, সোমবার (২২ জুন) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসা কর্মকর্তা ডা: উপেন্দ্রনাথ পাল (৭৫) অসুস্থ হন। তাকে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই দিনই তার পরীক্ষা হলে পজিটিভ আসে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাট শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, বুধবার (২৪ জুন) পর্যন্ত বাগেরহাটে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪৯। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

