বার্সাকে টপকে ফের শীর্ষে রিয়াল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ০৯:২০
বুধবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। শিরোপা লড়াইয়ের দুই দলের পয়েন্ট হলো সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পেছনে বার্সেলোনা।
৩১ ম্যাচে ২০ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্টও একই।
এদিন যতক্ষণ মাঠে ছিলেন, গতিময় ফুটবলে আলো ছড়ালেন ভিনিসিউস জুনিয়র। তার হাত ধরেই এলো প্রথম গোল। দ্বিতীয়ার্ধে চমৎকার ফ্রি-কিকে ব্যবধান বাড়ালেন সার্জিও রামোস। মায়োর্কাকে হারিয়ে ২৪ ঘণ্টা পর আবারও লিগ টেবিলের শীর্ষে ফিরল জিনেদিন জিদানের দল।
এক দল খেলছে শিরোপার জন্য, আরেক পক্ষ লড়ছে টিকে থাকতে। পয়েন্ট টেবিলের বিস্তর ফারাক মাঠের লড়াইয়ে চোখে পড়ল না। বল দখলের পাশাপাশি আক্রমণেও রিয়াল এগিয়ে ছিল বটে; তবে খুব বেশি নয়।
গোলের জন্য স্বাগতিকদের নেওয়া ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে, বিপরীতে সফরকারীদের ১১ শটের চারটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা মেলেনি মায়োর্কার।
লিগের শুরুর দিকে নবম রাউন্ডে এই মায়োর্কার মাঠেই প্রথম হারের স্বাদ পেয়েছিল রিয়াল। ম্যাচটি ১-০ গোলে জিতেছিল ওই ম্যাচের স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরুটা হয় রোমাঞ্চকর। সপ্তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় রিয়াল। বাঁ দিক থেকে আসা ক্রস বুক দিয়ে নামিয়ে করিম বেনজেমার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ফিরতি বল সতীর্থের পা ঘুরে পেয়ে যান চার মাসের বেশি সময় পর শুরুর একাদশে ফেরা বেল। তার দূরপাল্লার বুলেট গতির শটও ফিরিয়ে দেন রেইনা।

দশম মিনিটে থিবো কোর্তোয়ার দারুণ নৈপুণ্যে রিয়ালের জাল অক্ষত থাকে। ঘানার মিডফিল্ডার ইদ্রিসু বাবার দূর থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের আঙুলের ছোঁয়ায় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
১৬ মিনিটে ভালো জায়গায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ভিনিসিউস। তবে ১৯তম মিনিটে এস আর ব্যর্থ হননি তিনি। লুকা মদ্রিচের পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস।
এ ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরেছে মায়োর্কা, তবে একেবারেই খালি হাতে না, একটা রেকর্ড গড়েছে।
ম্যাচের ৮৩তম মিনিটে মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সী লুকা রোমেরোকে মাঠে নামায় তারা; লা লিগার ইতিহাসে এর চেয়ে কম বয়সী খেলোয়াড় নেই।

