‘ভোর ৬টা থেকেই ঢাকা শহর থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন-ফকফকা’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১০:৫০
‘ডিএসসিসি’র রাস্তায়-উন্মুক্ত স্থানে আর কোনও বর্জ্য থাকবে না’ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাত ৯ টা থেকে পরিচ্ছন্ন-কর্মীরা রাস্তাঘাট ঝাড়– দিয়ে পরিষ্কার করবে, পানি ছিটিয়ে দেবে এবং ভোর ৬টা থেকে ঢাকা শহর হবে পরিষ্কার-পরিচ্ছন্ন-ফকফকা।
বুধবার (২৪ জুন) নগরীর ২৯ নাম্বার ওয়ার্ডের ইসলামবাগে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রত্যেক ওয়ার্ডে বর্জ্য সংগ্রহকারীরা এখন সন্ধ্যা ৬টা থেকে বাসা-বাড়ি-গৃহস্থালী থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করবে। রাত ১০টার মধ্যে সকল বর্জ্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে এবং রাত ১০টা থেকে এসব এসটিএস থেকে ময়লা-আবর্জনা আমরা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাব। রাস্তায় ও উন্মুক্ত স্থানে আমরা আর কোনো ময়লা বরদাশত করব না।’
এ সময় ডিএসসিসি মেয়র আরো বলেন, ‘আমরা এরই মাঝে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। এখন থেকে যে ওয়ার্ডগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নেই সেই ওয়াার্ডগুলোতেও আমরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করব। আজ ২৩ নম্বর ওয়ার্ড ও ২৯ নম্বর ওয়ার্ডে এসটিএস নির্মাণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। ডিএসসিসি’র ৭৫টা ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করব।’
পরে তিনি মালিবাগে (১২ নম্বর ওয়ার্ড) নির্মিতব্য এসটিএস পরিদর্শন করেন এবং নগর ভবন সংলগ্ন সামনের রাস্তা, বঙ্গবাজার, আনন্দবাজার এবং নগর ভবনের পেছনে ফুলবাড়িয়া বাস স্টপ-ওভার সরেজমিনে পরিদর্শন করেন ও বিদ্যমান সমস্যা ও সংকট চিহ্নিত করে এই রাস্তাগুলোকে সচল রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন। খবর বাসস-এর।

