রাজধানীর বারডেম হাসপাতালে অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১২:১৫
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতালে (বারডেম জেনারেল হাসপাতাল-২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে মিনিটে ওই হাসপাতালে আগুন লাগে বলে জানা গেছে।
জানা যায়, হাসপাতালটির চতুর্থ তলায় ‘ফেলে রাখা বাতিল জিনিসপত্রে’ আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে ওই হাসপাতালে আগুন লাগার খবর পান তারা। তাদের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “১৪ তলা হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক কোণে কিছু বাতিল জিনিসপত্রে আগুন লেগেছিল। ১১টা ৪৫ এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।”
তবে কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
এ নিয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “হাসপাতালের চতুর্থ তলায় ধোঁয়া দেখা গেলে স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্ক তৈরি হয়। তবে রোগী বা স্বজনদের কারও কোনো ক্ষতির খবর আমরা পাইনি।”

