ফেনীতে নাইটগার্ডকে খুন করে ডাকাতি, পুলিশের গুলিতে নিহত ৩
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ০৯:৪০
ফেনীর দাগনভূঞায় ডাকাতির চেষ্টাকালে বাধা দেয়ায় আবদুল মান্নান (৫০) নামে এক নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাত দল। এসময় পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়। এছাড়া এক ডাকাতকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩ টি বড় ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার এবং ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দাগনভূঞা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার।
জানা গেছে, আনুমানিক রাত সাড়ে ৩টার সময় ডাকাত দল বেকের বাজারে শরিয়ত এ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানে ডাকাতির চেষ্টা করে। মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান (৫০) ও রফিক তাদের দেখে চিৎকারের চেষ্টা করে। এসময় ডাকাত দল আবদুল মান্নানের হাত পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে।
স্থানীয় কয়েকজন মানুষ টের পেয়ে বাজার মসজিদের মাইকে এলাকাবাসীকে এগিয়ে আসার আাহবান করে ও পুলিশকে জানায়। একপর্যায় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া দেয়। পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছুড়লে ৩ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ৩ জনকে উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অপর গুলিবিদ্ধ একজনকে সকাল ৯টায় ফেনী জেনারেল হাসাপাতালে প্রেরণের পর কর্তব্যরত চিকিৎসক ডা. আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, নৈশ প্রহরীসহ নিহত সবার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহত নৈশ প্রহরী আবদুল মান্নান একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে। সূত্র – বাসস

