ফের আইসিইউতে অ্যাডভোকেট সাহারা খাতুন
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৪:১০
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তাঁর ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান।
শুক্রবার (২৬ জুন) দুপুরে গণমাধ্যমকে মুজিবর রহমান বলেন, “বেলা ১১টার দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) হঠাৎ করে তাঁর হৃদস্পন্দন বোঝা যাচ্ছিল না, তখন ডাক্তাররা জরুরি ভিক্তিতে আবারও তাঁকে আইসিইউতে নেন। আপনারা দোয়া করবেন।”
এর আগে গত ২ জুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

