সরকারের ভুল থাকলে ধরিয়ে দিন: সেতুমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৫:১০
কাদা ছোড়াছুড়ি না করে সরকারের কোনও ভুল থাকলে তা বিএনপিকে ধরিয়ে দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন কোনও রাজনীতির সময় নয়। একটাই রাজনীতি,তা হলো সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার বন্ধ করে সংকট সমাধানে কোনও পরামর্শ থাকলে দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’
শুক্রবার (২৬ জুন) দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি’র কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি করোনা সংকটের শুরু থেকেই দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসেবে বেছে নিয়েছে। এতে বিএনপি’র আদৌ জনসমর্থন বেড়েছে কি? শেখ হাসিনার সরকার শুরু থেকেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহসহ অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের করোনা মোকাবিলায় কোনও পূর্বপ্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি- যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এমনকি আমাদের প্রতিবেশী ভারত, চীন যাদের প্রথম করোনা সংক্রমণ হয়েছিল, একটি দেশেরও কি তিনি উদাহরণ দিতে পারবেন? যে তাদের করোনা মোকাবিলার পূর্ব পরিস্থিতি ছিল? একটি দেশেরও কি নাম বলতে পারবেন তাদের চিকিৎসা সামগ্রী, হাসপাতাল ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ছিল না? শুধু সমালোচনা করতে হবে বলেই আপনারা অনবরত জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এ সংকটে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছি। এখন কোনও রাজনীতির সময় নয়, একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো।’

