ইন্ডিয়ায় আক্রান্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১৫ হাজারের বেশি
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৫:২৬
ইন্ডিয়ায় প্রায় ৫ লাখ মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে কভিড-১৯ আক্রান্তদের হয়ে প্রাণহানি হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭ হাজার ২৯৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৪০১ জনে দাঁড়াল। এছাড়া নতুন করে আরও ৪০৭ জন প্রাণঘাতী এই ভাইরাসে মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৩০১ জনে।
শুক্রবার (২৬ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য ছানিয়েছে। মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতের আনন্দবাজার, এনডিটিভিসহ দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সেখানে সুস্থতার হার ৫৭.৪৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে লাখে মৃত্যুর হার ১.৮৬ শতাংশ। অন্যদিকে বিশ্বে লাখে মৃত্যুর হার ৬.২৪ শতাংশ।
এদিকে, ৩০ জুন থেকে ইন্ডিয়ায় রেল চলাচল শুরু হওয়ার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, ১২ আগস্টের আগে ট্রেন চলাচল শুরু হচ্ছে না।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৭৪০ জনে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ লাখ ৮৩ হাজার ১৪৪ জনে।

