বিএনপি-ই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৭:১০
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল।
মন্ত্রী শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের সাম্প্রতিক মন্তব্য -‘ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে’ এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে মৃত্যুবরণ করেছে এবং গুম হয়েছে। অনুরূপ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা মাত্র ১৮৭। এটা ঠিক যে, অপরাধীরা অনেক সময় বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। আমাদের দল কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।’
খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপি’র উত্থান
‘আর প্রকৃত সত্য হলো, খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপি’র উত্থান’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান নিজের ক্ষমতা নিষ্কন্টক করার জন্য হাজার হাজার সেনা সদস্যকে হত্যা করেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে যুক্ত। আর বিএনপি যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতাসীন, তখনই ক্রসফায়ার চালু করে। অর্থাৎ খুনের রাজনীতির মাধ্যমেই যাদের উন্মেষ ও প্রতিষ্ঠা, যারা দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিলেন, তারা যখন এধরণের কথা বলে, তখন তা হাস্যকর হয়ে দাঁড়ায়।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিশ্লেষকরা যা বলছেন, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১.২৮ শতাংশ। আর মির্জা ফখরুল সাহেব বলেছেন, তাদের ২৮৪ জন আক্রান্ত ও ৭৩ জন মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ বিএনপি’র নেতাকর্মীদের মৃত্যুহার ২১ শতাংশ! এনিয়ে আপনাদের মতো আরো অনেকেই প্রশ্ন রেখেছেন।’ তথ্য সহায়তা বাসস।

