বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১ কোটি, মৃত্যু ৫ লাখ ছুঁইছুঁই!
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৬:৩০
মোহাম্মদ শিহাব: বিশ্বে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি। সেই সঙ্গে করোনায় মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা হয়তো আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক কোটিতে দাঁড়াবে। এরই মধ্যে ৯৯ লাখ ৩১ হাজারের বেশি মানুষ করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৭ লাখ, ৩৩ হাজার। এর আগের দিন ছিল ৯৫ লাখ, ৪৮ হাজার। অর্থাৎ গত দু’দিন ধরে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ করে বৃদ্ধি পাচ্ছে। আর প্রতিদিন মৃত্যু হচ্ছে ৫ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৭ হাজারের বেশি। ফলে আগামীকালের মধ্যে এই সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে বলেই ধারণা বিশ্লেষকদের।
শনিবার (২৭ জুন) গ্রিনিচ মান সময় ১০:৪০টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৯৯ লাখ ৩১ হাজার ৫১৪। আগের দিন একই সময় এই সংখ্যা ছিল ৯৭ লাখ ৩৩ হাজার ৬১৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৫ লাখ ৪৮ হাজার ৮৮৬ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগী নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার। আগের দিন বৃদ্ধির পরিমাণ ছিল ১ লাখ ৮৫ হাজার।

বিশ্লেষকদের মতে, বিশ্বে একদিনে করোনা আক্রান্ত- গত ২৪ ঘণ্টায়ই সর্বোচ্চ সংখ্যা শনাক্ত হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিল, চলতি সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি পাড় হতে পারে। বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, সপ্তাহ নয়, মাত্র ৪ দিনের ব্যবধানে কোটির ঘরে পৌঁছাতে যাচ্ছে কভিড-১৯ রোগীর সংখ্যা!
এদিকে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৫০৩ জন। বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে গত কয়েকদিন ধরে প্রতিদিন ৫ হাজারের বেশি করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হচ্ছে। সুতরাং আগামী ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ পাড় হতে হলেছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২১৫টি দেশে কভিড-১৯ আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৩ লাখ ৭৬ হাজার ৪৬১ জন। প্রতিদিন গড়ে সুস্থের পরিমাণ ১ লাখ। অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪০ লাখ ৫৪ হাজার ১৫২ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৭ হাজার ৬৬৮ জন।

