খাল-ড্রেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চান মেয়র আতিক
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৮:২০
ঢাকা উত্তরের সকল খাল ও ড্রেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি ঢাকা উত্তরের সকল খাল ও ড্রেন রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, ভৌত অবকাঠামো, আনুষঙ্গিক সকল উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ডিএনসিসির কাছে হস্তান্তরের প্রস্তাব দেন।
মেয়র শনিবার (২৭ জুন) কাওলায় সিভিল এভিয়েশন কবরস্থানের পাশে আশকোনা হজক্যাম্প থেকে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে এ প্রস্তাব দেন। ডিএনসিসি মেয়র উদ্বোধনকৃত এ খালটির পাশাপাশি কুড়িল বিশ্বরোড থেকে এয়ারপোর্ট পর্যন্ত সাইকেল লেন তৈরির প্রস্তাবও দেন।
উল্লেখ্য, খাল খননের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ডিএনসিসির নিজস্ব তহবিল থেকে সর্বমোট ১ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে ৫০% টাকা পরিশোধ করা হয়েছে।
মেয়র আতিক বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। তার প্রমাণ আজকের এই খাল উদ্বোধন। গত ৩০ মে উদ্বোধনের সময় আমরা বলেছিলাম ২১ দিন সময় প্রয়োজন, বৃষ্টির কারণে অতিরিক্ত ৭ দিন সময় লেগেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের সকল খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, আজকে একটি নমুনা ডিএনসিসি মেয়র প্রদর্শন করেছেন। আমাদের অনেকে বলেছে, কিন্তু করে দেখিয়েছে মেয়র আতিক।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

