জোন ভাগ করে ‘লকডাউনে’ আরও সমন্বয় চান স্থানীয় সরকারমন্ত্রী

জোন ভাগ করে ‘লকডাউনে’ আরও সমন্বয় চান স্থানীয় সরকারমন্ত্রী
৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা । ২৭ জুন ২০২০

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ০৮:২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করে বিধি-নিষেধ আরোপের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে আরও সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (২৭ জুন) আওয়ামী লীগের আয়োজনে মহামারী ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ওয়েবনিয়ার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর সপ্তম পর্ব ‘জনস্বাস্থ্য ও স্থানীয় সরকার’ শিরোনামের আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

এসময় জোনিং নিয়ে আরও ‘বিস্তৃত পরিসরে’ এগোনোর পরামর্শ দিয়ে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “এখানে কথাটা যদি ওনারা আমাকে বলতে না পারে, আমি যদি ওনার কথা না জানি তাহলে হবে কি ওনারা আমাদের ইনপুট দিতে পারবে না, আমিও ওনাদের ইনপুট দিতে পারব না। এটার জন্য আমাদের একটি সমন্বিত প্যাকেজ নিয়ে আগানো দরকার।”

ঢাকায় ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ‘লকডাউন’ বাস্তবায়নে বিলম্ব নিয়ে মেয়রদের ভূমিকা সম্পর্কে নানা মহলে যে আলোচনা চলছে, সে বিষয়েও কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, “এখানে আমি কী করব, আমি কে? লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি মেয়রদের একটা হাইপোথেটিকাল দায়িত্ব দিল, এখানে রেড জোন করেন, এখানে ইয়োলো জোন করেন কিন্তু কী প্রিপারেশন তার আছে?”

এই প্রক্রিয়ায় দ্বিমত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ধরেন একটি বাড়িতে একজন সংক্রমিত রোগী আছেন, আরেকটি বাড়িতে ৬০ জন রোগী আছে। ৬০ জনকে আপনি লকড-ডাউন করলেন, আরেকজন আপনি ইগনোর করলেন। কিন্তু একজন তো আগামী দিনে ১০০ জন করবে। তাহলে আগামীতে ১০০ জনের ভাগ্য হবে কী? তো সেখানে অ্যাকশনটা কী হবে?”

লকডাউন বাস্তবায়ন করতে গেলে অর্থনীতির সঙ্গে কৃষি, গণপরিবহনসহ জনগুরুত্বপূর্ণ খাতগুলোকে বিবেচনায় এনে গোটা প্রক্রিয়া সমন্বয় করতে হবে বলে মন্তব্য করেন তাজুল ইসলাম।

লকডাউন বাস্তবায়নে বেশ কিছু সুপারিশও তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, “প্রথম থেকে আমি যখন মিটিংয়ে যুক্ত হলাম তখন আমি বললাম, একটা সাব জোন করেন। এনজিওদের সহযোগিতায় প্রতিটা ওয়ার্ডকে ১০টা সাব জোনে ভাগ করার জন্য বললাম। সাব জোনে ভাগ করার জন্য নির্দেশনা দিলাম।

“তার সুবিধা হবে কী, সেখানে সীমিত সংখ্যক লোককে একটা কমিটি রিপ্রেজেন্ট করবে। এ কমিটি ইনটেনসিভলি তাদের সেবা দিতে পারবে, তাদের যে সমস্যা তাৎক্ষণিকভাবে বলতে পারবে, শুনতে পারবে, সমাধান করতে পারবে।” তথ্য সহায়তায় – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading