স্মারক স্বর্ণমুদ্রার দাম আবার বেড়েছে
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ০৯:৩০
ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম। প্রতিটি মুদ্রার দাম সাত হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা পুননির্ধারণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায়। এ নিয়ে এক বছরে দুবার স্বর্ণমুদ্রার দাম বাড়লো।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, এখন থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ২০১৯-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারকমুদ্রা বাক্সসহ প্রতিটি ৬০ হাজার টাকা পুননির্ধারণ করা হয়েছে। প্রতিটি মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। এতদিন এই স্বর্ণ স্মারকমুদ্রা ৫৩ হাজার টাকায় বিক্রি হতো।’
উল্লেখ্য, সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি একই কারণে স্বর্ণমুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৫৩ হাজার টাকা করা হয়। এর আগে ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

