পাটকল বন্ধ ‘অন্যায়’ সিদ্ধান্ত: ফখরুল
উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ২০:৫৫
সরকারি মালিকানাধীন পাটকলগুলো ‘বন্ধ করে দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদ ও নিন্দা’ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ হিসেবে মন্তব্য করে অবিলম্বে পাটকল খুলে দেওয়ার দাবি জানান।
সোমবার (২৯ জুন) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিদ্যমান করোনা সংকটকালে দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশ পাটকল সংস্থার ২৯টি শিল্পে লে-অফ শ্রমিক এবং তাদের পরিবারের লাখ লাখ নারী-পুরুষ ও শিশুকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অমানবিক অসময়োচিত ও অন্যায় উদ্যোগ নিয়েছে সরকার।’
মির্জা ফখরুল বলেন, ‘যখন কোনও শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই না করার শর্তে আমরা দেশের সব শিল্প রক্ষার জন্য সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানাচ্ছি, সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যখন আইন করে এই দুঃসময়ে লে-অফ, শ্রমিক ছাঁটাই কিংবা কারখানা বন্ধ না করার দাবি জানাচ্ছে, তখন সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্ত নাগরিকদের প্রতি দায়িত্বহীনতার পরিচায়ক।’ তিনি বলেন, ‘আমরা এমন কোনও অন্যায় ও অসময়োচিত সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

