বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে মৃত: প্রত্যেক পরিবার পাবে দেড় লাখ টাকা

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে মৃত: প্রত্যেক পরিবার পাবে দেড় লাখ টাকা

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ২১:১০

রাজধানীর সদরঘাট সংলগ্ন শ্যামবাজার এলাকা বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২৯ জুন) ঢাকার সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ’র নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে- এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি মোঃ আতিকুর রহমান প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকালে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চ ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চটি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখার সময় উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading