মহামারির গতি বাড়ছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১২:১৮
“করোনা মোকাবেলায় বিশ্বের কয়েকটি দেশ খানিকটা অগ্রগতি অর্জন করলেও, সত্যিকার অর্থে করোনা মহামারির গতি বাড়ছে। অবসানের কাছাকাছিও পৌঁছায়নি” বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
সোমবার (২৯ জুন) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, আজ থেকে ছয় মাস আগে চীনের উহান শহরে রহস্যময় নিউমোনিয়ার মতো অসুস্থতার খবর প্রথম যখন পাওয়া যায় তখন যে আশঙ্কা করা হয়েছিল বর্তমান পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি খারাপ।
সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি বলে জানিয়ে গেব্রিয়াসিস বলেন, ‘বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করছি।’
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘বেশিরভাগ মানুষ এখনও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকায় এখনও ভাইরাসটির বিস্তারের যথেষ্ট সুযোগ আছে। আমরা সবাই চাই এর অবসান হোক। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কিন্তু কঠিন সত্য হলো এটা অবসানের কাছাকাছিও পৌঁছায়নি। বিশ্বের কয়েকটি দেশ খানিকটা অগ্রগতি অর্জন করলেও, সত্যিকার অর্থে মহামারির গতি বাড়ছে।’
তিনি বলেন, ‘বলতে খারাপ লাগছে, কিন্তু সত্য হলো সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।’

