ওয়াসার পানির বর্ধিত দাম: হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

ওয়াসার পানির বর্ধিত দাম: হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৫:২৪

ওয়াসার পানির বাড়তি দামের ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। আপিল বিভাগের ভার্চ্যুয়াল চেম্বার কোর্ট বিচারপতি মো. নুরুজ্জামান ওয়াসার আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৩০ জুন) এ আদেশ দেন।

ব্যারিস্টার অনীক আর হক বলেন, ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ের ওপর হাইকোর্ট ১০ আগস্ট পর্যন্ত যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সে আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট । ফলে যে বাড়তি দাম গত তিনমাস ধরে আদায় করে আসছিল ওয়াসা সেটিই বহাল থাকলো।

ওয়াসার পানির বাড়তি দামের ওপর হাইকোটের্র দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে আনা আবেদনের ওপর শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য ছিল। শুনানিতে ওয়াসার পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট মাহবুবে আলম। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। এক রিটের শুনানি নিয়ে গত ২২ জুন পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্তের নিষেধাজ্ঞা চেয়ে ১৪ জুন হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট পিটিশন দায়ের করেন। স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ঢাকা ওয়াসা) সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা; যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading