ফের হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ০৯:৩৫
করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এবং এইচআইভির ওষুধ লোপিনাভির/রিটোনাভির পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এর আগেও একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত মে মাসের শেষ দিকে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করার সপ্তাহখানেক পরে আবার তা চালু করেছিল সংস্থাটি।
হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির/রিটোনাভির প্রয়োগে মৃত্যু ঝুঁকি না কমার কথা জানিয়ে শনিবার (০৪ জুলাই) সেগুলো বন্ধ রাখার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন ট্রায়ালে এই ওষুধগুলো প্রয়োগে রোগীদের মৃত্যু ঝুঁকি কমার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো প্রভাব থাকলেও তা খুবই সামান্য।
করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা, যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, এইচআইভির ওষুধ লোপিনাভির/রিটোনাভির, রেমডেসিভিরের।

