তথ্য প্রযুক্তি ব্যবহারে আইনজীবীদের জন্য ‘প্রশিক্ষণ’ আগামী সপ্তাহে
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৭:২৫
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, শুধু বিচারক নয়, তথ্য প্রযুক্তি ব্যবহারে আগামী সপ্তাহ থেকে আইনজীবীদেরকেও প্রশিক্ষণ প্রদান করা হবে।
সহকারী জজদের অনলাইন লার্নিং-এ ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি রবিবার (৫ জুলাই) এ কথা বলেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জাটি) মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আইন সচিব গোলাম সারোয়ার, জাটি’র পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া। ৪৪জন সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪মাস ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণ গত ১ জানুয়ারি শুরু হয়। করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় গত ২২ মার্চ এ প্রশিক্ষণ মূলতবি করা হয়। এখন অবশিষ্ট প্রশিক্ষণ অনলাইন লার্নিং পদ্ধতিতে সমাপ্ত হবে।
আইনমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারকদের অনলাইন লার্নিং পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান একটি শুভসূচনা। তথ্য প্রযুক্তি ব্যবহারের একটি মাইলফলক। ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে আরো একটি সাফল্য।
আনিসুল হক বলেন, পরিস্থিতি বিবেচনায় পৃথিবী সচল রাখতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। জনগণের বিচার পাবার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেন। সে অনুযায়ী আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ করা হয়। এখন এটি আইনে পরিণত করার প্রক্রিয়া চলছে। আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থার বিকল্প নয়। বিশেষ পরিস্থিতির কারণে এটি করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি নিশ্চিতে বিচারকদের প্রস্তুত হতে হবে। আইন সচিব বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। চলমান ক্রান্তিকালের জন্য গঠিত ভার্চুয়াল আদালত এ পর্যন্ত ৪৯ হাজার ৭’শ ৫০ জনকে জামিন মঞ্জুর করেছে। এ সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত হবে বলে তিনি জানান। ৫ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ অনলাইন লার্নিং চলবে। সূত্র: বাসস।

