লন্ডনে ‘হোম কোয়ারেনটাইনে’ বিসিবি সভাপতি
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৭:০৫
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি গুরুতর কোনো অসুখে ভুগছেন না। তিনি লন্ডনে গিয়েছেন মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে। তবে সেখানে গিয়ে তিনি ১৪ দিনের হোম কোয়ারেনটাইনে সময় কাটাচ্ছেন। এর পর তিনি ডাক্তারের কাছে যাবেন, শারীরিক পরীক্ষা করাতে। এমনটাই জানিয়েছেন তার একান্ত সহকারী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) সভাপতি ও বর্তমান সংসদ সদস্য (এমপি) নাজমুল হাসান পাপনের সম্প্রতি লন্ডন যাওয়া নিয়ে একটি গুঞ্জন চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো- তিনি নাকি গুরুতর অসুস্থ! তার প্রোস্টেটের পুরনো সমস্যা হঠাৎ করেই প্রকট হয়েছে বিধায় অপারেশন করতে গত ২১ জুন লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
তবে এ বিষয়ে বিসিবি সভাপতির একান্ত সহকারী তওহিদ মাহমুদ একটি অনলাইন নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে জানান, ‘স্যার গুরুতর অসুস্থ নন। তিনি লন্ডন গিয়েছেন রেগুলার চেকআপ করাতে। উনার প্রোস্টেটের একটা সমস্যা আছে। আরো আগেই হয়তো যেতেন। কিন্তু আপনি জানেন করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় উনি আগে যেতে পারেননি। স্যার এখন লন্ডনে হোম কোয়ারেনটাইনে আছেন। কোয়ারেনটাইন শেষ হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যদি মনে করেন তাকে অপারেশন করতে হবে তাহলে হবে না হলে দরকার নেই।’ রবিবার (৫ জুলাই) পাট ও বস্ত্রমন্ত্রী গাজী দস্তগীর এমপি’র মালিকানাধীন নিউজ পোর্টাল- সারাবাংলা এ খবর দিয়েছে।
লন্ডনে অস্ত্রোপচারের অপেক্ষায় পাপন?
এর আগে গত ৩ জুলাই একটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছিল, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গুরুতর অসুস্থ। প্রোস্টেটের সমস্যা চরম আকার ধারণ করায় তার অস্ত্রোপচার করাতে হবে। এজন্য লন্ডনে গিয়েছেন তিনি। তবে করোনার প্রাদুর্ভাবে সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাকে। আইসোলেশন পিরিয়ড শেষ হলে তার অস্ত্রোপচার করানো হবে। গত ২১ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন নাজমুল হাসান। ৪ জুলাই শেষ হবে কোয়ারেন্টাইন।

