ডিএনসিসির ৯৯ স্থাপনায় এডিস’র লার্ভা, ৩ লাখ টাকা জরিমানা আদায়
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৯:৪৫
নগরীর ৯৯টি স্থাপনায় ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্টদের প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে দ্বিতীয় পর্যায়ে বিশেষ পরিছন্নতা অভিযান বা চিরুনী অভিযানের রবিবার (৫ জুলাই) দ্বিতীয় দিনে এ জরিমানা করা হয়।
ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ১৩ হাজার ২৯৯টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৭ হাজার ৭৯৪টি স্থাপনায় এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১৮টি মামলায় মোট ২ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, প্রথম পর্যায়ের ১০ দিনব্যাপী (৬-১৫ জুন) চিরুনি অভিযানে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মোট ১ লাখ ৩৪ হাজার ১৩৫টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১ হাজার ৬০১টিতে এডিস মশার লার্ভা এবং ৮৯ হাজার ৬২৬টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে মোট ২১ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

