কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩০
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ২০:২০
কুষ্টিয়ার কুমারখালীতে দু’দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিল্লাল হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অনন্ত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামের মৃত মোফজ্জেল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সান্দিয়ারা বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ওসি মজিবুর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে বিল্লাল নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অনন্ত ৩০জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

