চট্টগ্রামে ইস্পাত কারখানা থেকে গ্রেনেড উদ্ধার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১২:২০
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইস্পাত কারখানায় আমদানি করা কাঁচামালের ভেতরে পাওয়া গেছে একটি আর্জেস গ্রেনেড।
বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম এর একটি কারখানা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ- কমিশনার পলাশ কান্তি নাথ জানান , জাপান থেকে আমদানি করা কাঁচামালের ভেতর গ্রেনেডটি পাওয়া যায়।
তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষ বলেছে, আমদানি করা ওই কাঁচামাল শ্রমিকরা বাছাই করার সময় গ্রেনেড সদৃশ্য বস্তুটি দেখতে পায়। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করার পর জেলা পুলিশ থেকে আমাদের জানানো হয়।”
এডিসি পলাশ জানান, খবর পেয়ে তাদের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গিয়ে ‘আর্জেস’ গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। তবে গ্রেনেডটিতে জং ধরে গেলেও সক্রিয় বলেও জানান তিনি। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

