জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, আপডেট ১০:০০
গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ ‘প্যারটফিশ’। যা বাংলাদেশে সাধারণত টিয়া মাছ বা তোতা মাছ নামে পরিচিত।
কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ এলাকার এফবি ভাই ভাই ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, পরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফয়সাল ফিশ আড়তে আনা হলে এটি দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। মাছটির ওজন প্রায় ৭০০ গ্রাম। পরে নিলামে মাছটি ৩ হাজার টাকায় কিনে নেন আড়তের মালিক।
আরও জানা যায়, রাঙ্গাবালীর চরমোন্তাজের এফবি ভাই ভাই ট্রলারের মাঝি বাবুল মাতুব্বরের নেতৃত্বে ১৭ জন জেলে দুই দিন আগে বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। জাল উত্তোলনের সময় ইলিশ, পোয়া, বেলে, লাক্কা, টেংরাসহ অন্যান্য মাছের সঙ্গে বিরল এ প্যারটফিশটিও ধরা পড়ে।
জেলে বাবুল মাতুব্বর বলেন, ‘রাতের দিকে আমরা জাল ফেলেছিলাম। পরে ইলিশ ও অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও উঠে আসে। এর আগে আমাদের জালে কখনো এমন মাছ ধরা পড়েনি। জীবনে এই প্রথম এ ধরনের মাছ দেখলাম।’
ফয়সাল ফিশ আড়তের পক্ষ থেকে জানানো হয়, মাছটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। এরই মধ্যে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, স্থানীয়দের বর্ণনা ও নমুনা বিশ্লেষণের ভিত্তিতে মাছটি Scarus zufar (ধোফার প্যারটফিশ) হওয়ার সম্ভাবনাই বেশি। এটি Scaridae পরিবারের একটি সামুদ্রিক মাছ।
মৎস্য গবেষক ও শিক্ষক মীর মোহাম্মদ আলী বলেন, এ প্রজাতির মাছ সাধারণত প্রবালপ্রাচীর ও পাথুরে সামুদ্রিক এলাকায় বসবাস করে। তবে খাদ্যের সন্ধান, প্রজনন কিংবা সমুদ্রস্রোতের প্রভাবে এগুলো গভীর সমুদ্রে চলে আসতে পারে। ফলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের জালে মাঝে-মধ্যে এ ধরনের বিরল মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, প্যারটফিশ প্রবালপ্রাচীরে জন্মানো শৈবাল খেয়ে প্রবালের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রবাল ক্ষয় করে সূক্ষ্ম বালু তৈরির প্রাকৃতিক প্রক্রিয়াতেও এ মাছের উল্লেখযোগ্য অবদান রয়েছে।এগুলো মূলত সামুদ্রিক মাছ, যা কোরাল রিফ বা প্রবাল প্রাচীর এলাকায় বাস করে। তবে সম্প্রতি বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীর অংশে জেলেদের জালে এই মাছ ধরা পড়েছে।
গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, ‘এ ধরনের মাছ বাংলাদেশের সমুদ্রসীমায় অত্যন্ত বিরল। বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এটি প্যারট ফিশ । আমাদের উপকূলে এ প্রজাতির মাছ খুব কমই দেখা যায়।’
ইউডি/কেএস

