ঢাকায় করোনা সংক্রমণের পিক পার হয়ে গেছে : ড. বিজন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ০৯:৫০
মহামারি করোনাভাইরাস সংক্রমণের পিক বা সর্বোচ্চ মাত্রা রাজধানী ঢাকায় ইতিমধ্যে পার হয়ে গেছে বলে মনে করেন গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীল।
বৃহস্পতিবার (০৯ জুলাই) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আর ভুল না করলে রাজধানীতে খুব বেশি মানুষ সংক্রমিত হবে না। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমে আসবে।
বিজন কুমার শীল জানান, একই মানুষের দ্বিতীয়বার করোনা আক্রান্তের ঝুঁকি নেই। তার মতে, পরিবারের কেউ কোভিডে আক্রান্ত হলে বাকিদের শরীরেও অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তার পরামর্শ, প্রকৃত অবস্থা জানতে অ্যান্টিবডি টেস্ট করতে হবে দ্রুত।
বিজন কুমার শীল বলেন, কী পরিমাণ মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটি জানতে একটি স্টাডি করা প্রয়োজন। এর ভিত্তিতে পরিকল্পনা সাজাতে হবে। এজন্য, অ্যান্টিবডি টেস্ট করা জরুরি।

