সাহারা খাতুনের মরদেহ ঢাকায়, বনানী কবরস্থানে দাফন আজ

সাহারা খাতুনের মরদেহ ঢাকায়, বনানী কবরস্থানে দাফন আজ
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০
আপডেট : শনিবার, ১১ জুলাই ২০২০ । ০২:২১

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (সদ্য প্রয়াত) এডভোকেট সাহারা খাতুন এমপি’র মরদেহ থাইল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছে। দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে তার মরদেহ ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও সাহারা খাতুনের পরিবারের সদস্যরা বিমান বন্দরে তার মরদেহ গ্রহণ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শনিবার (১১ জুলাই)। বানানী কবরস্থানে সাহারা খাতুনের বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে বনানী কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে অ্যাডভোকেট সাহারা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অসুস্থ সাহারা খাতুনকে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নেয়া হয়। এর আগে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারে তিন বছরের বেশি সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

তৃণমূল থেকে আন্দোলন-সংগ্রাম করে জাতীয় রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত সাহারা খাতুন ব্যক্তিগত জীবনে চিরকুমারী ছিলেন।

তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading