কমলো ওয়ান ব্যাংকের কর্মকর্তাদের বেতন
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ০৮:৩৫
ব্যাংক কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। ব্যাংকটি তাদের কর্মীদের বেতন ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমিয়েছে বলে জানা গেছে।
এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে গত ১ জুলাই থেকে বেতন কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (০৯ জুলাই) জারিকৃত ওই আদেশে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পর্যায়ের কর্মকর্তা, যাদের বেতন ৫০ হাজার টাকার উপরে তাদের বেতন ৫ শতাংশ কমানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন কমানো হয়েছে ১০ শতাংশ। বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা ৫ ও ১০ শতাংশ হারে কমানো হবে। তবে ৫০ হাজার টাকা বা তার নিচে যারা বেতন পান তাদের বেতন কমানো হবে না। আর ৫০ হাজার টাকার উপরে যারা বেতন পান তাদের বেতন কমানোর পর যদি ৫০ হাজার টাকার নিচে নেমে আসে তাহলে তার বেতন ৫০ হাজার টাকা নির্ধারিত হবে।
আদেশে আরও বলা হয়, করোনাভাইরাসের ক্ষতি মোকাবিলায় খরচ কমানোর উদ্যোগ হিসেবে ব্যাংকে এই উদ্যোগের অংশ হিসেবে কর্মকর্তা পর্যায়ে বেতন কমানো হয়েছে। আশা করি এতে কর্মকর্তারা মনক্ষুণ্ন হবেন না, বরং বিশেষ পরিস্থিতি মোকাবিলায় মনোবল চাঙ্গা রেখে সঠিকভাবে কাজ করবেন। সুদিন আসলে আবার সব ঠিক হবে বলেও কর্মীদের আশ্বস্ত করা হয়েছে। ব্যাংকের স্থায়ী ও চুক্তিভিত্তিক সবার জন্যই এ নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

