শিরোপার আরও কাছে রিয়াল
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১০:০২
আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে শুক্রবার রাতে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।
এই জয়ে আবারও ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল মাদ্রিদের ক্লাবটি। ৩৫ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৮০। সমান ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরুতে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ের তৃতীয় মিনিটে গোল খেতে বসেছিল রিয়াল। নিজেদেরই সাবেক স্ট্রাইকার হোসেলুর হেড ক্রসবারে লাগলে বেঁচে যায় তারা।
একাদশ মিনিটে বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ফেরলঁদ মঁদিকে ডিফেন্ডার চিমো নাভারো ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পুরো ম্যাচজুড়ে দারুণ কয়েকটি প্রতি-আক্রমণে ভীতি ছড়ালেও থিবো কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারল না আলাভেস। দুই অর্ধের দুই গোলে দারুণ এক জয় পেল রিয়াল মাদ্রিদ। পৌঁছে গেল লা লিগা শিরোপা জয়ের আরও কাছে।

