অক্সফোর্ডের প্রতি ডোজ ভ্যাকসিনের খরচ ১ কাপ কফির দামের সমান!

অক্সফোর্ডের প্রতি ডোজ ভ্যাকসিনের খরচ ১ কাপ কফির দামের সমান!
করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন । প্রতিকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১১:২২

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই গুরুতর অসুস্থদের জন্য মিলবে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার ভ্যাকসিন। এই ভ্যাকসিনের প্রতিটি ডোজ তৈরির খরচ পড়ছে মোটামুটি এক কাপ কফির দামের সমান। ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ডের ভ্যাকসিনটি আন্তর্জাতিকভাবে দ্রুত সরবরাহের জন্য সাপ্লাই চেইন তৈরি করছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির ফরমায়েশ পেয়েছেন তারা। প্রতি ডোজ ভ্যাকসিন তৈরির খরচ পড়েছে এক কাপ কফির দামের সমান।

বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির। এরমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, ভ্যাকসিন তৈরিতে তারাই সবথেকে এগিয়ে রয়েছে।

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের এখন চলছে তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। এর ফলাফল বা কার্যকারিতার বিষয়টি আগস্ট মাসের শেষ নাগাদ জানা যাবে। পরীক্ষায় সফলতার প্রমাণ পাওয়া গেলেই নিয়ন্ত্রকরা জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিতে পারেন। সেক্ষেত্রে অক্টোবরের মধ্যেই উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীরা এ ভ্যাকসিন পাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading