প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । আপডেট ১৬:৫০
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে থানায় ডেকে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য ডা. সাবরিনাকে রবিবার (১২ জুলাই) বেলা সোয়া ১টার দিকে হাসপাতাল থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে সাবরিনাকে গ্রেপ্তার করার কথা জানিয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, তাকে তেজগাঁও থানায় দায়ের করা জেকেজির প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
করোনাভাইরাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করে ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে সাবরিনার স্বামী জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরীসহ কয়েকজন ওই মামলার আসামি। স্বামী আরিফ পুলিশেরস জিজ্ঞাসাবদের সময় স্বীকারোক্তিতে স্ত্রী সাবরিনাও প্রতারণায় জড়িত বলে তথ্য দেয়।
সাবরিনা আগে নিজেকে জেকেজি চেয়ারম্যান পরিচয় দিলেও স্বামী গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি অস্বীকার করেন। এমনকি স্বামী আরিফেরে সঙ্গে তার বিচ্ছেদ প্রক্রিয়া চলছে বলেও প্রতারণার দায় এড়ানোর চেষ্টা বরেন বলে পুলিশ জানিয়েছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অন্য আসামিদের দেয়া তথ্য যাচাই করতে শেষ পর্যন্ত সরকারি হাসপাতালের এই চিকিৎসককেও পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো।
এর আগে তিনি দাবি করেছেন, জেকেজি’র মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণার বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি শুধু জেকেজিকে কোভিড ১৯ বিষয়ে পরামর্শ দিয়েছেন। এর আগে গত ৪ জুন স্বামী আরিফুলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সাবরিনা তেজগাঁও বিভাগের একটি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন থানায় রয়েছে। আগামীকাল রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
জেকেজির বিরুদ্ধে অভিযোগ, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ করে থাকে ‘জোবেদা খাতুন স্বাস্থ্যসেবা প্রজেক্ট’ (জেকেজি)। সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল কিন্তু তারা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তৈরি করতেন ‘করোনার পজিটিভ-নেগেটিভ রিপোর্ট’। এ বিষয়ে রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ির কেয়ারটেকারের অভিযোগের সত্যতা পেয়ে গত ২২ জুন জেকেজি হেলথ কেয়ার) সাবেক গ্রাফিক ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে প্রতিষ্ঠানটির সিইও আরিফুলকেও গ্রেপ্তার করা হয়। জেকেজি হেলথ কেয়ারের নমুনা সংগ্রহের যে অনুমোদন ছিল, তাও ২৪ জুন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: সংগৃহীত

