মুজিব-শতবর্ষ উপলক্ষে নিউইয়র্কে ভার্চুয়াল বাংলা বইমেলা

মুজিব-শতবর্ষ উপলক্ষে নিউইয়র্কে ভার্চুয়াল বাংলা বইমেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ২৩:৪৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দশদিনব্যাপী ভার্চুয়াল বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর জাতির জনককে নিবেদিত ১০দিনব্যাপী ভার্চুয়াল বাংলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে বলে এক ভিডিও বার্তায় ঘোষণা করেন নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২০-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও ইমেরিটাস অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যত বই তত প্রাণ’ শ্লোগান নিয়ে এটি হবে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বইমেলার ২৯ বছর পূর্তি অনুষ্ঠান।

মুজিব শতবর্ষ

১৯৯২ সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আমেরিকায় বাংলা বইমেলার শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রখ্যাত লেখক-সাহিত্যিক-শিল্পী ও ২০টি প্রকাশনা সংস্থার অংগ্রহণে এবারই প্রথম ভার্চুয়াল বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে বলে জানানো হয়।

১০ দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন থাকবে ৪র্থ শিশু-কিশোর মেলা। ২৫ সেপ্টেম্বর থাকছে মুজিববর্ষ ও বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে নামক বিশেষ অনুষ্ঠান। প্রতিদিনের অনুষ্ঠান দেখা যাবে নিউইয়র্ক বইমেলার ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল ও সরাসরি টেলিভিশনে।

এছাড়া পৃথিবীর সকল দেশ থেকেই বই ক্রয় করার ব্যবস্থা থাকবে।

জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘২০২০ সালের বইমেলা নিয়ে আমাদের স্বপ্নই ছিল আলাদা। জাতির জনকের জন্মশতবর্ষ। বছর শুরু হওয়ার আগে জাতির জনককে নিবেদনে নানান প্রক্রিয়া শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন।’

তিনি বলেন, মার্চে সারা পৃথিবী যখন কোভিড-১৯ এ আক্রান্ত তখনই আমরা ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক মাসব্যাপী জাতির পিতা স্মারক ডাকচিহ্ন প্রকাশ করি। আজ আমরা পৃথিবীর নানা প্রান্তে বসবাসরত মানুষের কাছে জাতির জনকের লেখা গ্রন্থ ও তাঁকে নিয়ে লেখা বিভিন্ন প্রকাশনাসহ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছি। সকলের অংশগ্রহণেই এটি স্বার্থক হবে।

মুক্তধারা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন পৃথক এক ভিডিও বার্তায় বলেন, ভার্চুয়াল এই বই মেলাটি হবে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি। পৃথিবীর সকল বাঙালির একটি মিলনমেলার লক্ষে আমদের প্রয়াস থাকবে যে ভার্চুয়াল এই মেলাটিও হয়ে উঠবে সবার প্রাণের মেলা।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading