বর্ণচোরাদের ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । আপডেট ১৬:২৫
দলের ভিতরে বর্ণচোরা সেজে যারা অর্থসম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের ভাবমূর্তি বিনষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, জনগণের বুকের গভীরে রয়েছে এর শেকড়। দলে এসে দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেওয়া যাবে না। দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের দলে আর সুযোগ নেই।’
ওবায়দুল কাদের সোমবার (১৩ জুলাই) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন ভিডিও বার্তায় এসব কথা বলেন।
দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারি দলে সবসময় কিছু আগাছা-পরগাছা ঢুকে পড়ে, কিন্তু সরকার এ ব্যাপারে সচেতন। দলে এসে দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে ভাগ্য বদলাতে আওয়ামী লীগ কখনো কাউকে সুযোগ দেয়নি। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার মোটেই কার্পণ্য করে না।’ তিনি বলেন, আওয়ামী লীগে আশ্রয় নেওয়া লোভী ও ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। যারা দলের ভেতর বর্ণচোরা হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, নিজের সহায় সম্পত্তির গোছানোর চেষ্টা করবে অনিয়ম করে। তাদের সর্তক করে দিচ্ছি এমন অপকর্ম আওয়ামী লীগ মেনে নেবে না। আমরা আওয়ামী লীগের অর্জন নস্যাৎ হতে দিতে পারি না। দুর্বৃত্তদের কোনো দল নেই, তাদের নেই দলীয় পরিচয়। যারা অপরাধী, অপরাধীর অপরাধকেই বিবেচনা করে শেখ হাসিনা সরকার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন রাজনীতি হবে মানুষকে বাঁচানোর বৈশ্বিক সংকট করোনা প্রতিরোধ করা। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তাদের দুর্নীতিগ্রস্ত নেতৃত্বে, তাদের মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতি বিএনপিকে জনগণের কাছে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি (মির্জা ফখরুল) কথায়-কথায় সরকারের মন্ত্রীদের পদত্যাগ দাবি করেন। আমি বলব আন্দোলন সংগ্রামে ব্যর্থ হওয়ার জন্য বিএনপির শীর্ষ থেকে নিচ পর্যন্ত নেতৃত্বেকে পদত্যাগ করার উচিত।

