বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ০৯:২০
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে করোনাকালের এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি। মনোনয়ন প্রত্যাহারের সময় বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা না দেয়ায় ব্যালটে দলটির প্রার্থীদের প্রতীক থাকছে।
অন্যদিকে বিরোধী দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী হওয়ায় নির্বাচন পেছানোর দাবি করেছিল দলটি। কিন্তু তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দুই সংসদীয় আসনে মোটরসাইকেল ছাড়াও গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটগ্রহণের দিন এই দুই আসনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে যশোর-৬ আসনটি শূন্য হয় গত ২১ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করায়।

