ভারত, চীন ও নেপালের পানিতে বাংলাদেশে বন্যা হচ্ছে : প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ২০:১০
প্রায় প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের বিস্তৃত অঞ্চল, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪ লাখের বেশি মানুষ। এই বন্যার কারণ অনুসন্ধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি, আসাম ও ত্রিপুরা এবং চীন ও নেপালের পানি এসে বাংলাদেশে এই বন্যার সৃষ্টি হয়েছে।
এরইমধ্যে দেশের ১৭টি জেলা বন্যায় প্লাবিত এবং ১৪ লাখ ৫৭ হাজার ৮২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বন্যা আরও বেশ কয়েকটি জেলায় বিস্তৃত হয়ে আরও সপ্তাহ দুয়েক স্থায়ী হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এনামুর রহমান এসব কথা বলেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, নতুন করে ২৩ জেলায় বন্যা বিস্তৃতি লাভ করবে এবং তা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাঠ প্রশাসন ও জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা যদি ত্রাণ প্রস্তুত ও বিতরণের কাজে অংশগ্রহণ করে তাহলে অতীতে যেমন বড় বড় বন্যা মোকাবেলা করেছি, একইভাবে এবারও মোকাবেলা করতে পারব, মানুষের দুঃখকষ্ট লাঘব করতে পারব।
তিনি বলেন, সরকারের ত্রাণ সহায়তা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে। আরও যত বড় দুর্যোগ আসুক না কেন, দুর্যোগ যত দীর্ঘস্থায়ী হোক না কেন, আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ত্রাণ সহায়তা দেওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের আছে। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

