ভ্যাট প্রদানে ই-পেমেন্ট চালু
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ২০:৩৫
অনলাইনে মূল্য সংযোজন করের (ভ্যাট) টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা দেয়ার লক্ষ্যে ই-পেমেন্ট পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ভ্যাট অনলাইন প্রকল্প মিলনায়তনে এনবিআর চেয়ারমান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুর ইসলাম,অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর।
এছাড়া অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. মাসুদ সাদিক ও মো. জামাল হোসেন, এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব-উর-রহমান এবং ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ই-পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ভ্যাটের আওতায় নিবন্ধিত ব্যক্তি নিজস্ব ব্যাংক হিসাব হতে সরাসরি ভ্যাট ও সম্পূরক শুল্কসহ যেকোনও প্রদেয় কর সহজে, ঝুঁকিমূক্ত অবস্থায় এবং কম সময়ে সরকারি কোষাগারে পরিশোধ করতে পারবেন। এই পদ্ধতিতে করদাতার কোনও ধরনের হয়রানি থাকবে না বলে তিনি জানান।
ই-পেমেন্ট পদ্ধতির কারণে ভ্যাটের হিসাবে আরও স্বচ্ছতা আসবে এবং কর ফাঁকির সুযোগ বন্ধ হবে বলে ধারণা এনবিআর প্রধানের।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ই-পেমেন্ট বা অনলাইনে ভ্যাট দেওয়ার জন্য প্রাথমিকভাবে এইচএসবিসি, প্রাইম ও মিডল্যান্ড ব্যাংক যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে সব বাণিজ্যিক ব্যাংককে এ প্রক্রিয়ার আওতায় আনা সম্ভব হবে। এ পদ্ধতির আওতায় ভ্যাট পরিশোধের পর স্বয়ংক্রিয়ভাবে ভ্যাটের চালানের কপি বাংলাদেশ ব্যাংক, সিজিএ ও ভ্যাট অফিসে চলে যাবে। এক কপি যাবে ভ্যাটদাতা প্রতিষ্ঠানের কাছে।
রহমাতুল মুনিম জানান, আগামীবছর থেকে ব্যাক্তি শ্রেণীর করদাতাদের জন্য ই-চালান (ইলেকট্রনিক ট্রেজারি চালান) বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে। তাই ই-চালান পদ্ধতি চালু করার জন্য অর্থ বিভাগ একটি সফটওয়্যার ডেভেলপ করছে। এর মাধ্যমে যে কেউ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে টাকা জমা দিতে পারবেন। জমার একটি ইলেট্রনিক ট্রেজারি চালানও পাবেন।

