করোনায় আক্রান্ত ২ লাখ প্রায়, মৃত আড়াই হাজার ছাড়ালো
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫০
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ প্রায়। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে আড়াই হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা দেড় লাখ পেরিয়ে যায় গত ২ জুলাই। সেদিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনের সর্বোচ্চ। আর ১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ জুলাই তা ২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।

